রাবি’র উপাচার্যসহ তিন শীর্ষ
পদ ২১ দিন যাবত্ শূন্য
রাজশাহী অফিস ও রা.বি সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:০৫
২১ দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রা.বি) তিন শীর্ষ পদে (উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ) পদ শূন্য রয়েছে। দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের ইতিহাসে তিনটি শীর্ষ পদ একসঙ্গে দীর্ঘদিন শূন্যতার রেকর্ড এবারই প্রথম। ইতিমধ্যে রা.বি শিক্ষক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে অবিলম্বে তিনটি শীর্ষ পদে নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
জানা গেছে, একসঙ্গে তিনটি প্রশাসনিক শীর্ষ পদ শূন্য থাকায় শিক্ষকদের দেশে-বিদেশের সেমিনার-সিম্পোজিয়ামে যোগদান, উচ্চ-শিক্ষা ও গবেষণা, চিকিত্সার জন্য বিদেশ গমনের অনুমতি, পরীক্ষা সংক্রান্ত কাজে প্রশাসনিক অনুমোদন, সনদপত্র উত্তোলনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কাজে স্থবিরতার সৃষ্টি হয়েছে। উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারিরা অভিভাবকহীন হয়ে পড়েছে। উপরন্তু দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীরা চরম উত্কণ্ঠায় দিনাতিপাত করছেন।
জানা যায়, অবিলম্বে শীর্ষ পদগুলো পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ে কর্মরর্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন এবং পেনশনভোগী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশনের অর্থ প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়বে।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি অধ্যাপক ড. আব্দুস সোবহানকে উপাচার্য, অধ্যাপক মুহম্মদ নুরুল্লাহকে উপ-উপাচার্য এবং অধ্যাপক আব্দুর রহমানকে চার বছরের জন্য কোষাধ্যক্ষ নিয়োগ দেয় সরকার। যোগদানের দিন থেকে গত ২৫ ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ হয়। এরপর থেকে তারা তিনজনই দায়িত্ব পালন থেকে বিরত থাকলেও কেউই বিভাগে যোগদান করেননি, বরং বিশ্ববিদ্যালয়ের নিকট থেকে সুযোগ-সুবিধা নিচ্ছেন।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে উপাচার্য পদে রা.বির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহম্মদ মিজান উদ্দিন ও ব্যবস্থাপনা স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শাহ্ নওয়াজ আলীর নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি যেকোন একজনকে নতুন উপাচার্য নিয়োগ করবেন।
এছাড়া উপ-উপাচার্য হিসেবে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারোয়ার জাহান সজল ও কোষাধ্যক্ষ হিসেবে ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্টেশনের (আইবিএ) সাবেক পরিচালক প্রফেসর মোখলেসুর রহমান নিয়োগ পেতে পারেন বলে শোনা যাচ্ছে।