তাড়াশে বউ মেলা শেষ
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:০৭
সিরাজগঞ্জের তাড়াশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের করতোয়া নদীর তীরে শনিবার দিনব্যাপী এ মেলা বসে। প্রতি বছর তাড়াশের নওগাঁর শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে ৩ দিনব্যাপী বার্ষিক ওরসের শেষদিনে সীমান্তবর্তী সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের মিলনস্থল এ মেলায় আসবাবপত্র, গৃহস্থালি জিনিসপত্র, মৃত্পাত্র, কসমেটিক সামগ্রী, মিঠাই-মিষ্টান্নসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য ওই ৩ জেলার শত শত বউ-শাশুড়ি মেলায় ভিড় করে থাকেন। মেলায় আগত নারীরা কেনাকাটার পাশাপাশি নওগাঁর জিন্দানীর মাজার জিয়ারত, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দর্শন, মামা-ভাগ্নের ভাঙ্গা মসজিদ এবং ঐতিহাসিক ভানু সিং দীঘি পরিদর্শন করেন।