‘বাঁচার মতো মজুরি’র দাবিতে চা-শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ‘মহান মে দিবস’ উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে সমাবেশ করেছেন চা শ্রমিকরা। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বাঁচার মতো মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবি জানানো হয়।

শমসেরনগরে চা-শ্রমিক সংঘের প্রবীণ চা শ্রমিক নেতা স্যামুয়েল বেগম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা।