আলোচনার বিপক্ষে নই তবে বিষয় জনসমক্ষে প্রকাশ করতে হবে

সাবেক মন্ত্রী বিএনপি নেতা এমকে আনোয়ার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেনঃ মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে শাহবাগে আন্দোলনের নামে প্রহসন থামান। শাহবাগ থেকে র্যাব পুলিশ প্রত্যাহার করে, ব্যারিকেড তুলে নিয়ে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন। এখানে দেশের বড় দুটি হাসপাতাল রয়েছে, রোগীদের মুক্তি দিন। প্রয়োজনে এখান থেকে ‘আন্দোলনকারীদের’ তুলে নিয়ে গণভবনে রাখুন। সেখানে রেখে মঞ্চ পেতে ‘আন্দোলন’ করান। তিনি বলেন, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগীরাই শাহবাগে ‘আন্দোলন’ করছে। শাহবাগের রাস্তা বন্ধ করে পুলিশ পাহারা দিয়ে সরকার তাদের দিয়ে ‘আন্দোলন’ করাচ্ছে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এমকে আনোয়ার বলেন, জনগণ এ সরকারকে আর দেখতে চায় না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দিকে তাকিয়ে দেখুন প্রধানমন্ত্রী! আপনার জনপ্রিয়তা কতটুকু। আগামী নির্বাচনে এই পরিণতি হবে, ইনশাআল্লাহ। এম কে আনোয়ার বলেন, দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার আলোচনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আলোচনার বিপক্ষে নই। তবে সেই আলোচনা কোন বিষয়ে হবে, তাতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয় থাকবে কি-না এসব বিষয় জনসম্মুখে প্রকাশ করতে হবে। এরপর জনগণই বিবেচনা করবে, সংলাপ হবে কি-না।