বরিশালে বিএনপি’র মিছিলে পুলিশের লাঠিচার্জ
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৪৭
হরতালের সমর্থনে গতকাল রবিবার দুপুরে জেলা বিএনপি’র মিছিলে পুলিশের লাঠিচার্জে ৭ নেতাকর্মী আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক ওয়ার্ড কমিশনার হাবিবুর রহমান টিপুসহ দু’জনকে। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে তাত্ক্ষণিক নগরীতে একটি মাইক্রোবাস ভাংচুরসহ রিকশা ও একটি দিয়াশলাই বহনকারী টেম্পু ভ্যানে অগ্নিসংযোগ করে দলীয় কর্মীরা। দুপুর ১২টায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে নগরীর টিএন্ডটি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিবির পুকুরপাড় এলাকা অতিক্রমকালে পুলিশ বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ মিছিলে লাঠিচার্জ করলে এ ঘটনা ঘটে। বিকেলে মহানগর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ নগরীর জেলখানার মোড়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি। বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহিন, বিএনপি নেতা এবায়দুল হক চাঁন, আলী হায়দার বাবুল, জেলা ছাত্রদল আহ্বায়ক মাসুদ হাসান মামুন, মহানগর ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান লিমন, জামায়াতের মহানগর আমীর এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, পশ্চিম জেলা জামায়াতের আমির অধ্যাপক হাবিবুর রহমান, সহকারি সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান প্রমুখ। সমাবেশ শেষে হরতালের সমর্থনে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়।