ডিএসই’র সূচক বাড়ল ১০৮ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ১০৮ পয়েন্ট বেড়েছে। সেইসঙ্গে লেনদেনও বেড়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯২টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার। এক কার্যদিবসের ব্যবধানে বড় উলম্ফন হলো পুঁজিবাজারে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কিছু বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করায় বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে ৮৫৬ কোটি টাকার তহবিল যোগান দেওয়ার সংবাদে ইতিবাচক প্রভাব পড়েছে। বিপুল অঙ্কের এই অর্থ পুঁজিবাজারে তারল্য সংকট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা।

গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল, বিএসসি, ন্যাশনাল টিউবস, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, বিএসসিসিএল, ন্যাশনাল পলিমার, জেনেক্স ইনফোসিস লি., অ্যাক্টিভ ফাইন ও ইস্কয়ার নিট কম্পোজিট। রবিবার ডিএসইতে মোট ৩৪৫টি কোম্পানির ১৫ কোটি ৬৬ লাখ ১ হাজার ৭৫৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৫৩৫ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার ৩৭২ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ২৯ লাখ টাকা। অর্থাত্ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৩৯ কোটি টাকার।

গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০৮ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৫৩৯৪ দশমিক ৯০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৩১ পয়েন্ট বেড়ে ১৯০১ দশমিক ৬৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১২৪০ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ফ্যামিলি টেক্স, কাশেম ইন্ডা., লিগেসি ফুটওয়্যার, অলিম্পিক এক্সেসরিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, এফএএস ফাইন্যান্স, জাহিন টেক্স, প্রভাতী ইন্স্যুরেন্স ও ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মি. ফা.।

নতুন বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে:

পুঁজিবাজারে এপ্রিল মাসে নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খুলেছে চার হাজার বিনিয়োগকারী। ব্যাপক দরপতনের মাঝেও নতুন বিনিয়োগকারী বেড়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, এ বছরের মার্চ মাসের শেষ দিন পর্যন্ত বিও অ্যাকাউন্ট ছিল ২৮ লাখ ৪৪ হাজার ৩৮৯টি। আর এপ্রিল মাসে শেষ দিন এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৪৮ হাজার ৩২০টিতে। এক মাসের ব্যবধানে ৩ হাজার ৯৩১টি নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে। সূত্র অনুযায়ী, এপ্রিলে কোম্পানি বিও অ্যাকাউন্ট বেড়েছে ৯৪টি। এপ্রিলে বিদেশি বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট বেড়েছে ৪০৩টি।