কলকাতায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৪৯
কলকাতায়ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিবস উদযাপিত হলো। বাংলাদেশ উপ-দূতাবাসের উদ্যোগে রবিবার বেকার হোস্টেলের ২৪ নম্বর ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত আবিদা ইসলাম, বিক্রমপুর কল্যাণ সমিতিসহ কলকাতার বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য, ইসলামী কলেজে (এখন মৌলানা আজাদ কলেজ) পড়াশুনা করার সময় এই ঘরটিতেই থাকতেন মুজিবুর রহমান। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা এবং অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বেকবাগানে অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসে শিশু দিবস পালিত হয়। পাশাপাশি শেখ মুজিবের ওপর আলোকচিত্র প্রদর্শনী এবং তথ্যচিত্রও দেখানো হয়। আলোচনাচক্রের মাধ্যমে স্মরণ করা হয় শেখ মুজিবকে। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা স্টেটসম্যান পত্রিকার সম্পাদক মানস ঘোষ, সুবীর ভৌমিক, সুখরঞ্জন দাশগুপ্ত, জয়ন্ত কুমার রায় প্রমুখ।