লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, আটক ৪

লক্ষ্মীপুর সদর উপজেলার রহিমপুর এলাকায় পুলিশ ও সন্ত্রাসী দিদার বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে দিদারসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার রাতে এলাকার রামপুরে যুবদল নেতা সোলায়মানের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট চালানোর সময় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণলাংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, পুলিশ পূর্বাঞ্চলের ত্রাস জিসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জহির উদ্দিন, দিদার বাহিনী প্রধান দিদার হোসেন ও সন্ত্রাসী মো. রাজুসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবুল বাসার ও দাসের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফজলুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত ১১টায় অগ্নিসংযোগ ও হামলার খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার সময় রহিমপুরে সন্ত্রাসীরা আমাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আমরাও পাল্টা ১০ রাউন্ড গুলি ছুঁড়ি। সন্ত্রাসী জহির এবং দিদারের বিরুদ্ধে খুন চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ৮/১০টি মামলা রয়েছে বলে তারা জানান।