হরতালকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মিছিল, সংঘর্ষ
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৫২
আজ সোমবারের হরতালকে কেন্দ্র করে গতকাল দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে।
চলনবিল সংবাদদাতা জানান, হরতালের পক্ষে মিছিল বের করার উদ্যোগ নিলে আওয়ামী লীগের কর্মী- সমর্থকগণ বাধা দিলে তাড়াশ উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে সংঘর্ষ শুরু হয়। এ সময় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ইটপাটকেল নিক্ষেপে দুইপক্ষের ১০ জন আহত হয় এবং বিএনপি’র অফিস ভাংচুর করা হয়। এ সময় ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিক লাঞ্ছিত হন। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন থেকে তাড়াশ সদর, মহিষলুটি ও নওগাঁ মাজার মসজিদ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সেনবাগ সংবাদদাতা জানান, নোয়াখালীর সেনবাগ পৌর শহরে গতকাল রবিবার বিকালে হরতালের সমর্থনে বের করা জামায়াত-শিবিরের মিছিলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুরুতর আহত হয়েছে। এ সময় আতংকিত ব্যবসায়ীরা দিকবিদিক ছুটোছুটি করতে থাকে এবং মুহূর্তের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতের মধ্যে সেনবাগ পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারী তাজুল ইসলাম (২৫) ও উপজেলা যুবলীগের নেতা গোলাম ছারওয়ারকে (৩৮) সেনবাগ সরকারি হাসপাতালে, জামায়াতের কাদরা ইউনিয়ন কমিটির সেক্রেটারী দ্বীন মোহাম্মদকে (২৮) ফেনীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
চট্টগ্রাম অফিস জানায়, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে গতকাল নগরীর বিভিন্ন থানায় সমাবেশ ও মিছিল করে বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহ। এসব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এ দেশে গণতন্ত্রকে ধ্বংস করে নব্য বাকশাল কায়েম করেছেন। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি বিরোধী দলের নেতাকর্মীদের খুন, গুম, গ্রেফতার, হামলা, মামলার পথ বেছে নিয়েছেন। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকসহ দলের জাতীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
রংপুর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল রবিবার রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বিকালে মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপি’র আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, শামসুজ্জামান সামু, যুবদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রইচ আহমেদ প্রমুখ।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, পুলিশের হাতে আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে দুইদিনের হরতালের সমর্থনে সুনামগঞ্জ শহরে মিছিল, সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার বিকালে শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আসপিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান জামান, কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন প্রমুখ।
নীলফামারী প্রতিনিধি জানান, পুলিশের বাধা উপেক্ষা করে গতকাল বিকালে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল দলীয় কার্যালয়ে সমবেত হয়ে একত্রে বের হতে চাইলে পুলিশ বাদ সাধে। পরে কয়েক দফা পুলিশের সাথে বাদানুবাদ ও বাধা উপেক্ষা করে মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান, জহুরুল আলম, মীর সেলীম ফারুক, মোস্তফা হক প্রধান বাচ্চু, মোস্তফা সারওয়ার পল¬ব, মোর্শেদ আজম ও এনাম প্রমুখ।
বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি হামলা, নেতৃবৃন্দকে গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে দু’দিনব্যাপী হরতালের সমর্থনে গতকাল রবিবার বিকালে বরগুনা শহরে জেলা বিএনপি ও মহিলা দল দু’টি পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব সংলগ্ন সদর রোডে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) হুমায়ুন হাসান শাহীন, কৃষক দল সভাপতি লে. কর্নেল (অব.) আবদুল খালেকসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা ১৮ ও ১৯ মার্চের হরতালের সমর্থনে গতকাল রবিবার ত্রিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। সকাল ১১টায় ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ মোড় হতে শুরু হয়ে ত্রিশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
খোরশেদ আলম, সেনবাগ সংবাদদাতা জানান, বিএনপি ও সমমনা ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সমর্থনে গতকাল রবিবার নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন। দুপুরে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজ ও সেক্রেটারী ফারুক বাবুলের নেতৃত্বে শহরের দক্ষিণ বাজারের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ১৮ দলের ডাকা হরতালের সমর্থনে ময়মনসিংহ শহরে বেশ কয়েকটি অটোরিকশা ও ১টি ট্রাক ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। রবিবার বিকালে ১৮ দলের হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ২টি অটোরিকশা ভাংচুর করে হরতাল সমর্থকরা। পাশেই জেলা স্কুল রোডে একটি মালবাহী ট্রাকে হামলা চালিয়ে ভাংচুর করে। এই ভাংচুরের ঘটনায় শহরে আতংক ছড়িয়ে পড়ে। বিকাল থেকেই শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।