রাজাপুরে নিখোঁজের একদিন পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার, আটক দুই
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৩
নিখোঁজের একদিন পর ঝালকাঠির রাজাপুর সদরের জালিয়া বাড়ি খাল থেকে আলিফ (৯) নামে এক স্কুল ছাত্রের লাশ গতকাল রবিবার সকালে পুলিশ উদ্ধার করেছে। সে গাজীপুরের একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও রাজাপুরের সাইদুল হক টিপুর ছেলে। আলিফ গত শনিবার দুপুর থেকে নিখোঁজ হয়। তার পরিবারের দাবি—পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আলিফকে হত্যা করেছে। এ ঘটনায় ইলিয়াছ হোসেন ও সাদেক হোসেন নামে দুইজনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে রাজাপুর থানার ওসি জানান।
আলিফের বাবা সাইদুল হক টিটু বলেন, ১৮ বছর পর আমি আমার সন্তানকে নিয়ে গত বৃহস্পতিবার আমার গ্রামের বাড়ি রাজাপুরে আসি। অনেকদিন আগে থেকেই বাড়ির জমি নিয়ে প্রতিপক্ষ ইলিয়াছ ও সাদেকের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে গত দুইদিন আগে তারা ফোনে ও প্রকাশ্যে আমাদেরকে গত শনিবার দেখে নেয়ার হুমকি পর্যন্ত দেয়। আর সেই শনিবার দুপুরেই আমার সন্তান নিখোঁজ হয়। আলিফকে পরিকল্পিতভাবে হত্যার পর খালে ফেলে দেয়া হয়েছে বলে দাবি করে তার মা সালমা বেগম বলেন, আমার ছেলে সাঁতার জানত। তার ডুবে মারা যাওয়ার প্রশ্নই ওঠে না।