বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধু দুই অবিচ্ছেদ্য সত্তা :চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু-কিশোর দিবস’ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় শিশু-কিশোরদের জন্য ‘আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, ‘বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর’-বিষয়ক রচনা প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। উপাচার্য তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শিশু-কিশোরদের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দু’টি অবিচ্ছেদ্য সত্তা। তিনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, কর্ম ও সৃষ্টির উপর আলোকপাত করে বলেন, তার বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান উপাচার্য। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চ.বির সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন, চ.বি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আলী আশরাফ, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. ইমরান হোসেন, প্রক্টর সিরাজ-উদ-দৌলাহ, ছাত্র-উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ, চ.বি শাখার সভাপতি প্রফেসর ড. খান তৌহিদ ওসমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন চ.বি শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।