প্রকৌশলীকে বাসা থেকে ডেকে এনে লাঞ্ছনা
হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৫
ঝিনাইদহ-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুরে সরকারি ছুটির দিনে জেলার সড়ক ভবনে এই ঘটনা ঘটে। জানা গেছে, এমপি অপু প্রকৌশলী শাহজাহানকে তার বাসা থেকে ডেকে বাইরে এনে ধাক্কাতে ধাক্কাতে সড়ক ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান। এ সময় এমপির সঙ্গে থাকা ২৫/৩০ জন লোক তাকে কিলঘুষি মেরে অফিসের বারান্দায় ফেলে দেন। এ ঘটনায় সড়ক বিভাগের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে এমপি অপু কিছু লোক নিয়ে শহরের শেরেবাংলা সড়কস্থ সড়ক ভবনে আসেন। নির্বাহী প্রকৌশলী বাড়িতে থাকায় তাকে ডেকে আনতে পিয়নকে পাঠান। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান তার বাসভবনের গেটে আসা মাত্রই এমপি ও তার সাথে থাকা লোকজন তাকে ধাক্কাতে ধাক্কাতে অফিসের দ্বিতীয় তলায় তার অফিস কক্ষে নিয়ে যান। সেখানে ভিতরে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন প্রকৌশলী শাহজাহান। এক পর্যায়ে এমপির লোকজন প্রকৌশলীকে কিল ঘুষি মারতে থাকেন। এতে প্রকৌশলী মাটিতে পড়ে যান। পরে অপু তার লোকজন নিয়ে নিচে নেমে আসেন। ঘটনার সময় প্রকৌশলীর গায়েও হাত তোলা হয়েছে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার সত্যতা স্বীকার করে প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, ঠিকাদাররা কেন এমপির সাথে যোগাযোগ করেন না এই প্রশ্ন তুলে তাকে লাঞ্ছিত করা হয়েছে। তিনি বলেন, ‘গতকাল অফিস ছুটি থাকার কারণে তিনি সরকারি বাসায় ছিলেন। দুপুর আড়াইটার দিকে সংসদ সদস্য অপু তাকে ডাকছেন বলে অফিসের এক কর্মচারী তাকে খবর দেন। খবর পেয়েই তিনি বাসা থেকে বের হন। এ সময় বাসার সামনে থেকেই এমপি তাকে টেনেহিঁচড়ে দোতলায় তার অফিস রুমে নিয়ে গিয়ে গালি-গালাজ করেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শফিকুল ইসলাম অপু এমপি জানান, ঝিনাইদহ সড়ক বিভাগে দুর্নীতি চলছে দীর্ঘদিন। যে রাস্তাগুলোতে কাজ করা হচ্ছে সেগুলো খুবই নিম্নমানের। সম্প্রতি তিনি বেশ কয়েকটি রাস্তা দেখতে গেলে এলাকার লোকজন তার কাছে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি জানতে বেশ কিছুদিন থেকেই তিনি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী তার ফোন পর্যন্ত ধরেন না। এপিএসকে পাঠালে তার সাথেও সাক্ষাত্ করেন না। তাই গতকাল সড়ক ভবনে গিয়েছিলেন তার সাথে কথা বলতে। কিন্তু খবর দেয়ার পরও নির্বাহী প্রকৌশলী আধাঘণ্টা পর দেখা করতে আসেন বলে তিনি অভিযোগ করেন। প্রকৌশলী সাহেব অফিসে আসলে রাগান্বিত হয়ে তার সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছে, তবে তিনি কাউকে লাঞ্ছিত করেননি বলে দাবি করেছেন এমপি অপু।
এমপি আরো জানান, সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান তাকে তোয়াক্কা করেন না। নিজের ইচ্ছে মতো ঠিকাদারদের বিল পরিশোধ করেন। ঠিকাদারদের সাথে যোগসাজশ করে তিনি নিম্নমানের কাজ করে যাচ্ছেন বলে অপু এমপি অভিযোগ করেছেন।