শোক সংবাদ

দেলোয়ার হোসেন আশ্রাফ ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আশ্রাফ (৭০) শনিবার রাতে ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এক যুক্ত বিবৃতিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একরামুল হক পঞ্চগড় জেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক ঢাকার এক হাসপাতালে গত শনিবার রাতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমপি, জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মোজাহার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব এমএ মজিদ, পৌর বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক শামসুল হক (৮৮) বার্ধক্যজনিত কারণে গত শনিবার সন্ধ্যায় ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা ও নাতি- নাতনি রেখে গেছেন। অধ্যাপক হক তার প্রাক্তন শিক্ষালয় পাবনা জেলায় পাকশীর চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে শিক্ষাকতা জীবন শুরু করেন এবং পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আশির দশকের মাঝামাঝি পর্যন্ত কর্মরত ছিলেন। অধ্যাপক হক শিক্ষা সংক্রান্ত বেশকিছু বই লিখেছেন। অধ্যাপক হকের প্রথম নামাজে জানাজা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, প্রাক্তন সহকর্মীবৃন্দ, ছাত্র ও স্বজনরা অংশগ্রহণ করেন। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোপীনাথপুর গ্রামে পৈতৃক বাড়ির আঙ্গিনায় বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়।