প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পটুয়াখালীতে ১৮ দলের হরতাল প্রত্যাহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার পটুয়াখালী সফর করবেন, একারণে ১৮ দলীয় জোট আহূত আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের হরতাল স্থানীয়ভাবে প্রত্যাহার করা হয়েছে। জেলা শাখা ১৮ দলীয় ঐক্যজোটের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত্ হোসেন মৃধা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ১৯ মার্চ এক সরকারি সফরে পটুয়াখালী আসবেন এবং পটুয়াখালী সদর ও দশমিনা উপজেলায় কিছু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যেহেতু আমরা গণমানুষের এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি সেহেতু জেলার গণমানুষের কথা বিবেচনা করে ও উন্নয়নের স্বার্থে জেলা শাখার ১৮ দলীয় ঐক্যজোটের সভার সিদ্ধান্ত মোতাবেক সোম ও মঙ্গলবারের হরতাল পটুয়াখালী জেলার সর্বত্র স্থানীয়ভাবে প্রত্যাহার করা হলো।