কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের নিরাপত্তা জোরদার

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সম্প্রতি ঘটে যাওয়া এক বিক্ষোভের প্রেক্ষিতে নিরাপত্তা বাড়ল কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের। ভবনের চারপাশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি ভবনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ইসলামিক একটি সংগঠন জামায়াত নেতাদের ফাঁসির সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতার বেকবাগানে বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ করে। পাশাপাশি দুদেশের সম্পর্ক নষ্ট করতে অন্য কোন সংগঠন উপ-দূতাবাসে হামলা করতে পারে। এই আশঙ্কা থেকে বাড়তি নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি ভবনের অভ্যন্তরেও বাড়তি নিরাপত্তা নজরদারি ব্যবস্থা নেয়া হয়েছে। এতদিন ভবনে আসা দর্শনার্থীরা মোবাইল বন্ধ করে ঢুকতে পারতেন। কিন্তু বাংলাদেশে জামায়াতে ইসলামী গোলমাল শুরু করার পর থেকেই দর্শনার্থীদের মোবাইল নিয়ে উপ-দূতাবাসের অভ্যন্তরে যাওয়া বন্ধ হয়েছে। অভ্যর্থনা কক্ষে মোবাইল জমা রেখে তবেই ভেতরে যাওয়া যাচ্ছে।