শতকরা ৯০ ভাগ মানুষ
তত্ত্বাবধায়ক সরকারের
অধীনে নির্বাচন চায়
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৮
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদ্দেশ্য খারাপ। তারা একদলীয় নির্বাচন করতে চায়। কিন্তু শতকরা ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তাই পদত্যাগ করুন। দেশের মানুষ শান্তিতে থাকবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে জয়নাল আবদিন ফারুকসহ ১৫৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গতকাল পর্যন্ত সারাদেশে আমাদের প্রায় আড়াই লাখ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। কেন করেছে? কারণ আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করলে তারা ক্ষমতায় থাকতে পারবে না, তাই কারাগারে নিচ্ছে, গুলি করছে, গুম করছে। কারাগারে জায়গা নেই। ঠাসাঠাসি করে রাখছে তাদের।
ফখরুল বলেন, সরকার এদেশে আবার একদলীয় নির্বাচন করতে চায়। এজন্যই বিরোধী দলকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেয় না। আমরা নই, সরকার জুজুর ভয় দেখাচ্ছে। ওই এক জুজু খাঁড়া করেছেন আপনারা, তা হলো যুদ্ধাপরাধীদের বিচার। আমরাও বিচার চাই। তবে ন্যায়বিচার। রাজনৈতিকভাবে ঘায়েল করার বিচার চাই না।
জয়নাল আবদিন ফারুকের মেয়ে ও মহিলা দলের প্রচার সম্পাদক তামান্না ফারুক থিমা বলেন, বিরোধী দলকে ধ্বংস করার জন্য সরকার উঠে-পড়ে লেগেছে। আমার বাবা সরকারের সেই চক্রান্তের বলি হয়েছেন।
ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি সৈয়দ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুল হোসেন, আশরাফ উদ্দিন নিজান এমপি, নাজিমউদ্দিন আহমেদ এমপি, জাতীয়তাবাদী মঞ্চের নেত্রী শামা ওবায়েদ বক্তব্য দেন।