যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে
সম্পর্ক স্থাপনের অঙ্গীকার
চীনের প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৯
চীনের নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের অঙ্গীকার করেছেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে এটা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তিনি ইন্টারনেটে হ্যাকিং নিয়ে দুই দেশের মধ্যকার তর্কযুদ্ধ বন্ধেরও আহ্বান জানান। সংসদের বার্ষিক অধিবেশন শেষে গতকাল রবিবার এক লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর এনডিটিভি’র।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভূমিকার বিষয়টি উল্লেখ না করে কেকিয়াং বলেন, দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক স্থাপনে চীন সরকার ওবামা প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আর এটি এ অঞ্চলের জন্য তথা বিশ্বের জন্য শান্তি বয়ে আনবে। এ সময় তিনি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সামপ্রতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর ঘোষণার বিষয়টি সম্পর্কে কোনো মন্তব্য করেননি। সাইবার হামলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমাদের কারোরই ভিত্তিহীন অভিযোগ করা উচিত নয়। তাই এ বিষয়ে বেশি কথা না বলে এমন পদক্ষেপ নিতে হবে যাতে সমস্যার সমাধান হয়। চীন এ ধরনের হামলা সমর্থন করে না বলেও তিনি মন্তব্য করেন। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিংকে টেলিফোন করে হ্যাকিংয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।