ছবির খরায় পূর্ণিমা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ১৯:৪৯
দীর্ঘ কয়েক বছর ধরেই ছবির খরায় ভুগছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সর্বশেষ তার অভিনীত ছবি মুক্তি পায় গত বছরের ৩ ফেব্রুয়ারি, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এই ছবিটির নাম ‘আই লাভ ইউ’। পুরো ২০১২তে মুক্তি পায় তার একটি মাত্র ছবি, তার আগের বছরটাও এ রকমই ছিল। তারপর পূর্ণিমা সর্বশেষ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। এর শুরুটাও প্রায় দেড় বছর হয়ে গেল। ছবিটি কবে নাগাদ মুক্তি হবে এর কোনো ঠিক নেই। তবে পরিচালক জানায় আসছে পহেলা বৈশাখে মুক্তি পাওয়া
সম্ভাবনা রয়েছে। এই ছবিটির পাশাপাশি মোস্তফা কামাল রাজেরই একাধিক নাটক-টেলিফিল্মে কাজ করেছেন পূর্ণিমা। এর বাইরে শুধুমাত্র টেলিভিশনের বিভিন্ন নাচের রিয়েলিটি শো’তেই দেখা যাচ্ছে তাকে। ‘ছায়া-ছবি’র পর নতুন কোনো চলচ্চিত্রে এখনও চুক্তিবদ্ধ হননি তিনি। সর্বোপরি এ বছর যদি ‘ছায়া-ছবি’ চলচ্চিত্রটি মুক্তি পায় তাহলে এ বছরও পূর্ণিমার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা হবে ১টি।
উল্লেখ্য, এ বছরে এরইমধ্যে প্রায় ৩০টি চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে। যার একটিতেও এখনও পূর্ণিমাকে কাস্ট করা হয়নি।