মুক্তির মুখ দেখছে ‘সিরি-ফরহাদ’!
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ১৯:৫২
বলা যেতে পারে প্রায় আট বছর ধরেই মুক্তি পাচ্ছে শাবনূর-রিয়াজ অভিনীত ঐতিহাসিক প্রেম কাহিনীর ছবি ‘সিরি ফরহাদ’। গত কয়েক বছর ধরেই মুক্তির স্লোগান নিয়ে বারবার হাজির হয় ছবিটির কর্তৃপক্ষরা, কিন্তু অবশেষে মুক্তি মিলে না। এই ছবির শুটিং শেষ করতেও অন্যান্য ছবি থেকে অনেকগুণ বেশি সময় নিয়েছেন পরিচালক। সিডিউলসহ নানা কারণ ছিল শুটিং সম্পন্ন করা নিয়ে। আর এভাবেই শাবনূর-রিয়াজ অভিনীত ‘সিরি ফরহাদ’-এর বয়স প্রায় আট বছর পেরিয়ে গেল। পরিচালক আবারও জানালেন ছবিটির মুক্তি কথা। ছবিটি মুক্তি নিয়ে নির্মাতাদের আগ্রহ ও তীব্র আকাঙ্ক্ষা দেখা গেলেও কেন্দ্রীয় দুটি চরিত্র অর্থাত্ শাবনূর ও রিয়াজের কোনো প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে না। তবে এবার পরিচালক একেবারে ছবিটির মুক্তির দিন তারিখও ধার্য করে ফেলেছেন। পরিচালক সূত্রে জানা যায়, আগামী ২২ মার্চ দেশব্যাপী প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি দেওয়া হবে ছবিটি।
উল্লেখ্য, ইমপ্রেস টেলিফিল্ম এবং বি বাড়িয়া ফিল্মসের যৌথ প্রযোজনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন রেহানা জলি, ডন, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ, মেহবুবা প্রমুখ।