অবৈধ অস্ত্র বাণিজ্য বন্ধে জাতিসংঘে বৈঠক শুরু

আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য চুক্তির ওপর আলোচনার জন্য জাতিসংঘে জড়ো হয়েছে সারাবিশ্ব থেকে আসা কূটনীতিকরা। অবৈধ অস্ত্র বিক্রি বন্ধ করার প্রচেষ্টা হিসাবে তারা এ আলোচনায় অংশগ্রহণের জন্য সেখানে পৌঁছান। গত বছর জুলাইয়ে একই বিষয় নিয়ে আলোচনা হলেও বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে তা ফলপ্রসূ হয়নি। গতকাল সোমবার থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আলোচনা শুরু হয়েছে এবং আগামী দুই সপ্তাহ ধরে চলবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সরকার এ চুক্তি করতে প্রতিজ্ঞাবদ্ধ। এ রাউন্ড আলোচনাতেই আমরা এ বিষয়ে একটি সম্মতিতে পৌঁছাতে চাই। প্রস্তাবিত চুক্তিতে পৌঁছাতে হলে আরো সময়ের প্রয়োজন বলে গত বছর দেশটি বিরোধিতা করলে আলোচনা স্থগিত হয়ে যায়। রাশিয়া ও জাপানও তখন সময় নেয়ার কথা জানায়। পররাষ্ট্রমন্ত্রী কেরি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, অস্ত্র বাণিজ্য চুক্তি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের এখন লক্ষ্য হলো অন্যান্য দেশের সাথে একসঙ্গে কাজ করে যাওয়া। এটি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার ওপর আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের বিরূপ প্রভাবকে তুলে ধরবে। এছাড়া সীমান্তে অবৈধ অস্ত্র প্রবাহে বাধা প্রদান করতেও সাহায্য করবে। জন কেরি আরো বলেন, আমাদের আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোন চুক্তিকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। এদিকে দেশটির সংবিধানে আগ্নেয়াস্ত্র রাখার অধিকার দেয়া হয়েছে। তবে এ চুক্তি হলে দেশটিতে আগ্নেয়াস্ত্রের অভ্যন্তরীণ ব্যবসা এবং রপ্তানির ওপর নতুন প্রয়োজনীয়তা তৈরি করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ চুক্তির অংশ হিসাবে আন্তর্জাতিকভাবে প্রচলিত অস্ত্র বিনিময় করবে মাত্র। এ খসড়া চুক্তিতে কোন দেশের অভ্যন্তরীণ অস্ত্র ব্যবহারে কোন ধরনের নিয়ন্ত্রণ থাকবে না। তবে অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে এবং যারা অস্ত্র বেচাকেনার সাথে জড়িত তাদের জন্য সব দেশেরই জাতীয়ভাবে আইন তৈরি করতে হবে। অস্ত্র নিষেধাজ্ঞা না মানা, গণহত্যাকে উত্সাহিত করা অথবা মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপরাধ সংগঠনে প্রচলিত অস্ত্রের বাণিজ্য বন্ধ করতে এ চুক্তিকে সমর্থন দেয়ার জন্য সকল দেশকে আহ্বান জানানো হয়েছে। এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস এ আলোচনার মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র তাদের মতপার্থক্য ঘোচাতে সক্ষম হবে এবং চুক্তির বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছাতে পারবে।