জাপানের সঙ্গে বিরোধ চান না
চীনের নতুন নেতারা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২০:০৮
‘নতুন প্রেসিডেন্ট শি জিনপিং-এর আমলে বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের সঙ্গে বিরোধ ও উত্তেজনা প্রশমনে মধ্যপন্থি অবস্থান বজায় রেখে চলতে চায় চীন। নতুন নেতারা আঞ্চলিক এ বিরোধ নিয়ে আকস্মিক সংঘাত এড়ানোরও পদক্ষেপ নিতে চান বলেই আভাস পাওয়া যাচ্ছে। জাপানের সঙ্গে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও নতুন ধরনের একটি সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দেন নতুন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তির স্বার্থে এই নতুন সম্পর্ক গড়তে হবে বলে মন্তব্য করেন তিনি।
পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ঊর্ধ্বতন কর্মকর্তা জেনারেল লিউ ইউয়ান গত বৃহস্পতিবার শি’র নিয়োগ পাওয়ার আগেই দুই দেশের এ বিরোধ থেকে যুদ্ধে জড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন।
জাপানের কাছে শেনকাকু এবং চীনের কাছে দিয়াউ নামে পরিচিত ওই দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের অনেকদিন থেকেই বিরোধ চলে আসছে। জাপান এ বিরোধ নিষ্পত্তিতে আলোচনার দ্বার খোলা থাকার কথা বলে আসলেও কোনোরকম উস্কানির বিরুদ্ধে সতর্ক পাহারা রেখেছে। অন্যদিকে, চীনও বিতর্কিত ওই দ্বীপ এলাকায় নৌ-জাহাজ পাঠিয়ে নিয়মিত টহল দিচ্ছে।
ওয়াশিংটনের ব্রুকিংস ইন্সটিটিউটের চীনা বৈদেশিক নীতি গবেষক সুন ইয়ুন বলেছেন, চীনের নতুন নেতারা যুক্তরাষ্ট্র এবং তাদের বৈদেশিক নীতির সম্পর্ক নিরূপণের চেষ্টায় থাকার কারণে সমুদ্র বিরোধ নিয়ে আরো বেশি সংযত হচ্ছে।
চীনের সরকারি সামরিক ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত মন্তব্যে জেনারেল লিউ বলেছেন, সেনাদের দেশকে রক্ষা করা এবং লড়াই জয়ের দায়িত্ব আছে। কিন্তু কেবলমাত্র শেষ অস্ত্র হিসাবেই তারা এটি করতে পারে।