তিতাসের সাবেক এমডি নওশাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নওশাদ ইসলাম ও তার স্ত্রী রাজিয়া নওশাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার রমনা থানায় এ মামলা করা হয়। মামলার বাদী দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা।

দুদক সূত্র জানায়, নওশাদ ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ৭৯ লাখ ৪১ হাজার ৮৩ টাকার সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্যসংবলিত সম্পদ বিবরণী দুদকে দাখিল করা এবং অসাধু উপায়ে, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩ লাখ ৫০ হাজার ৬০৫ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগ করা হয়েছে। এছাড়া তার মামলার অভিযোগে আরো বলা হয়, প্রকৌশলী নওশাদের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য চলেছে তিতাসে। কর্মকর্তাদের সহযোগিতায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করেছে অনেকে। এসবের পেছনে রয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি।

অপরদিকে তার স্ত্রী রাজিয়া নওশাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৭৯ লাখ ৪১ হাজার ৮৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। অপরদিকে তার স্ত্রী রাজিয়ার বিরুদ্ধে ৪২ লাখ ১ হাজার ২০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৯০১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে তিতাসের কর-পরবর্তী মুনাফা হয় আগের পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। ওই সময় তিতাসের এমডি ছিলেন প্রকৌশলী নওশাদ। ২০১৬ সালের মার্চ মাসে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে তিতাস থেকে অপসারিত হন তিনি।