স্ত্রী-শ্যালিকাকে নিয়ে জাল লাইসেন্স ও স্মার্ট কার্ডের ব্যবসা, গ্রেফতার ৩

ইত্তেফাক রিপোর্ট

জাল ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) একটি দল। গতকাল রবিবার সকালে পশ্চিম ধানমন্ডির মধুবাগের একটি বাসার ষষ্ঠ তলা থেকে মোস্তফা কামাল জয়। তার স্ত্রী শাম্মি আনসারী ও শাম্মির বোন সাদিয়াকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী বলেন, জয় লোকজনের কাছ থেকে টাকা নিয় ওই বাসায় বসে কম্পিউটারে জাল ড্রাইভিং লাইসেন্স, স্মার্টকার্ড, ব্লু বুক তৈরি করতেন। আর তাকে এই কাজে সহায়তা করতেন স্ত্রী ও শ্যালিকা। ওই বাসায় থেকে সাত-আট বছর ধরে অবৈধ এই কারবার চালিয়ে আসছিলেন তারা। এই চক্রে জড়িত অন্যদের ধরতে অভিযান শুরু হয়েছে জানিয়ে ঐ পুলিশ কর্মকর্তা বলেন, বাসাটি থেকে বেশকিছু জাল ড্রাইভিং লাইসেন্স, ব্লু-বুক ও স্মার্টকার্ড উদ্ধার করা হয়েছে।