গাবতলীতে রিভলবার ও ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২

বিশেষ প্রতিনিধি

রাজধানীর গাবতলী মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৫৬ রাউন্ড গুলি ও রিভলবারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল এ্যাকশন গ্রুপ শনিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মির্জা বাশার বেগম ও আবু জাফর মো. রেজাউল করিম ওরফে মুকুল। তাদের কাছ হতে একটি .৩২ বোরের রিভলবার ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা অবৈধ অস্ত্র ব্যবসায়ী। স্পেশাল এ্যাকশন গ্রুপ সূত্র জানায়, দারুস সালাম থানাধীন গাবতলী মাজার রোডের নিউ ক্যাফে ধানসিঁড়ির সামনে কয়েকজন লোক অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রয়ের জন্য অবস্থান করছে বলে সংবাদ পায় স্পেশাল এ্যাকশন গ্রুপ। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। অভিযানকালে ধৃত মির্জা বাশার বেগের দেহ তল্লাশি করে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও রেজাউল করিমের দেহ তল্লাশি করে ৫০ রাউন্ড ৭.৬৫ বোরের গুলি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগ্নেয়াস্ত্র-গুলি বেচাকেনায় আগত অন্য সহযোগিরা পালিয়ে যায়।