ক্ষমতার জন্য খালেদা জিয়া রক্তপিপাসু হয়ে উঠেছেন : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ক্ষমতার জন্য রক্তপিপাসু হয়ে গেছেন। ক্ষমতার জন্য তার আরও লাশ চাই। ‘প্রয়োজনে আরও কিছু প্রাণহানি হবে, জানমালের ক্ষতি হবে’ মানিকগঞ্জে খালেদা জিয়ার এই বক্তব্যে তাকে রক্ত পিপাসু ডাইনির মত মনে হয়েছে উল্লেখ করে হানিফ আরো বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, গৃহযুদ্ধ বাঁধানো এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য খালেদা জিয়া একের পর এক হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছেন। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিরোধী দলের ডাকা চলমান হরতালকে অবৈধ আখ্যায়িত করে হরতালের নামে নৈরাজ্য প্রতিহত করতে গতকাল রাজধানীতে মাঠে ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। শতাধিক হরতালবিরোধী মিছিল ও সমাবেশে করেছে ক্ষমতাসীন এই জোট। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সিরাজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন প্রমুখ। এছাড়া যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।