বিওয়াইএলসি’র তিনদিনের কর্মশালা সমাপ্ত

বাংলাদেশের প্রথম নেতৃত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার’ (বিওয়াইএলসি) আয়োজিত এবং কানাডিয়ান হাইকমিশন, বাংলাদেশ-এর পৃষ্ঠপোষকতায় গত রবিবার শেষ হয়েছে ‘লিডারশিপ ডেভেলপমেন্ট ফর দি নেক্সট জেনারেশন মিডিয়া প্রফেশনালস’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালা গত ১৫ মার্চ ঢাকায় বিওয়াইএলসি’র প্রধান কার্যালয়ে শুরু হয়। উক্ত কর্মশালার জন্য আবেদনকারীদের মধ্য থেকে মিডিয়া ও সাংবাদিকতা বিভাগের ৩০ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও সম্প্রতি গ্রাজুয়েটদের নির্বাচিত করা হয়। কর্মশালাটির মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্বের মূল্যবোধ, সাহস ও নৈতিকতা জাগিয়ে তোলা। কর্মশালা চলাকালে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে দলবদ্ধ হয়ে কাজ করার দক্ষতা, চিন্তা-ভাবনার নৈপুণ্য, উপস্থাপনা এবং নেতৃত্বের কলাকৌশল গড়ে তুলতে সক্ষম হন। কর্মশালা শেষে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার হেদার ক্রুডেন তার বাসভবনে অংশগ্রহণকারীদের জন্য একটি গ্রাজুয়েশন রিসিপশন ও নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করেন। সেখানে শিক্ষার্থীরা তাদের সনদপত্র গ্রহণ করা ছাড়াও দেশের কয়েকজন মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পান। হেদার ক্রুডেন বলেন, কানাডা মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে, যা একটি স্বাধীন ও বলিষ্ঠ মিডিয়া গড়ে তোলায় কার্যকরী ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, মানসম্পন্ন সাংবাদিকতা বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানের প্রধান অতিথি, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, বর্তমানের চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে অপ্রভাবিত হওয়া এবং পক্ষপাতহীন থাকা মিডিয়া ব্যক্তিত্বদের জন্য কঠিন। তোমরা বিওয়াইএলসিতে যে দক্ষতা অর্জন করেছ তা তোমাদের ব্যক্তিগত ও কর্মজীবনে যোগ্য নেতৃত্ব প্রদানে সহায়তা করবে। বিওয়াইএলসি-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমাদ বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যার দিকে মনোযোগী হতে পারি এবং বৈচিত্র্যময় দলগুলোর মতামত জানতে আগ্রহী হই, তাহলে সম্ভবত সংলাপ মাধ্যমে সঠিকভাবে দেশকে এগিয়ে নেয়া সহজতর হবে।