ঈশ্বরদীতে তেল ও গ্যাস সিলিন্ডার গোডাউনে অগ্নিকাণ্ড

ঈশ্বরদীতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ট বাড়ি, নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। রবিবার বিকেলে ঈশ্বরদীর নৃপেন্দ্রনাথ কুণ্ডু এন্ড সন্স নামক পেট্রোলিয়াম এজেন্সিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলিন্ডার গ্যাস, পেট্রোল-ডিজেল, কেরোসিন, মোবিলের গোডাউন থেকে আগুন পার্শ্ববর্তী বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় ৩টি বাড়িসহ ওই প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলবাহিনীর ঈশ্বরদী, লালপুর ও পাবনার ৩টি ইউনিট, ঈশ্বরদী থানা-পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।