চা উত্পাদনে নতুন রেকর্ড

এ বছর চা উত্পাদন মৌসুমে দেশে রেকর্ড পরিমাণ চা উত্পাদিত হয়েছে। গত মৌসুমের শুরু থেকে অনুকূল পরিবেশের কারণে চায়ের উত্পাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করে উত্পাদন হয়েছে ৬ কোটি ৪০ লাখ কেজি। যা বহুল আলোচিত ২০০৫ সালের রেকর্ড উত্পাদনকেও ছাড়িয়ে গেছে। জেলার শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক মো. হারুন অর রশিদ সরকার ইত্তেফাককে জানান, গত চা উত্পাদন মৌসুমে দেশে ৬ কোটি ৪০ লাখ কেজি চা উত্পাদিত হয়েছে। যা দেশের চা উত্পাদনে নূতন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে ২০০৫ সালে দেশে সর্বোচ্চ ৫ কোটি ৯৬ লাখ ১০ হাজার কেজি চা উত্পাদিত হয়েছিল। যা চা শিল্পের ইতিহাসে নূতন রেকর্ড সৃষ্টি করে। আলোচিত ২০০৫ সালের এই রেকর্ডকে অতিক্রম করে এবার চা শিল্পের ইতিহাসে ৬ কোটি ৪০ লাখ কেজি চা উত্পাদনের মাধ্যমে চা শিল্পের দেড়শ’ বছরের ইতিহাসে নূতন রেকর্ড সৃষ্টি হল। সূত্র আরও জানায়, গত মৌসুমে দেশে চায়ের উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ কোটি কেজি। তবে অনুকূল আবহাওয়া ও পরিবেশ, নূতন চা এলাকা সম্প্রসারণ, ক্লোন চা গাছের ব্যবহার বৃদ্ধি এবং চা বোর্ডের নজরদারির ফলে এবার রেকর্ড পরিমাণ চা উত্পাদিত হয়েছে।