মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

মনোহরগঞ্জে রবিবার সন্ধ্যায় আচমকা ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। ১০ মিনিটের ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ২০টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ের আঘাতে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের ১শ’ ফুট লম্বা টিনের চাল পুকুরে পড়ে থাকতে দেখা যায়। কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন জানান, ঘূর্ণিঝড়ে কলেজের ৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া উপজেলার জিনিয়াস কিন্ডার গার্টেন স্কুলসহ মনোহরগঞ্জ বাজারের কিছু দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। লত্সর গ্রামের মৌলভী ইব্রাহীমের একটি দোকানঘর ঝড়ে তছনছ হয়ে যায়। তাছাড়া উপজেলার বাইশগাঁও, চড্ডা, সালেপুর, দিশাবন্দ, লত্সর, মান্দারগাঁওসহ বিভিন্ন গ্রামে গাছপালা ভেঙ্গে যায় ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় টানা ১৮ ঘন্টা বিদ্যুত্ না থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুর রহমান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন।