হবিগঞ্জে ফরেস্ট অফিসে
সন্ত্রাসী হামলা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২১:০৯
শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে হামলা ও রেঞ্জ কর্মকর্তাকে লাঞ্ছিত করে চোরাই কাঠ বহনকারী জব্দকৃত কাভার্ড ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে সরকারি দলের নেতাকর্মীরা। রবিবার বেলা দুটোয় এ ঘটনা ঘটে। রেঞ্জ কর্মকর্তা পালিয়ে আত্মরক্ষা করেন। অভিযোগে জানা যায়, শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান দিয়ে চোরাই কাঠ পাচারকালে বনবিভাগের সদস্যরা বিপুল পরিমাণ চোরাই কাঠসহ দু’জনকে আটক করে। এ সময় কাঠ পরিবহনকারী গাড়িও আটক করা হয়। বনবিভাগ সূত্র জানায়, আটককৃত গাড়ি শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ-১ অফিসে এনে জব্দ তালিকা প্রস্তুত করে আদালতে একটি মামলা করে আসামিদের সোপর্দ করা হয়। এদিকে রবিবার সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার, ছাত্রলীগের ছালেহ আহমদসহ ২০/২৫ জন নেতাকর্মী উক্ত কার্যালয়ে হামলা করে রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জব্দকৃত গাড়ি ছিনিয়ে নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে রেঞ্জ কর্মকর্তা রক্ষা পান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেঞ্জ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ-ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছিনতাইকৃত গাড়ি ফেরত দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।