ছাতকে পেপার মিল উদ্বোধন

ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিলের একটি ইউনিট চালু করা হয়েছে। নিটল কার্টিজ পেপার মিলস লি. নামের এ ইউনিট গত শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ উপলক্ষে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মাতলুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট রেঞ্জের ডিআইজি, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া, সুনামগঞ্জের জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার নূরে আলম মিনা। এর আগে তিনি উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে সকালে ছাত্র গণসমাবেশে বক্তব্য রাখেন। দুপুরে বিশ্বব্যাংকের অর্থায়নে ৬ কোটি টাকা ব্যয়ে জালালপুর-লামারসুলগঞ্জ সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দোলারবাজারে একটি সভায় বক্তব্য দেন। বিকেলে নিটল কার্টিজ মিলের উদ্বোধন করে সুরমা নদীর উপর নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় যোগদান এবং সন্ধ্যায় পৌর মেয়রের বাসভবনে মতবিনিময় করেন। ছাতকের বিভিন্ন সভায় অর্থমন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় শুরু হয়েছে। এ সরকারের সময়েই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হবে। ষড়যন্ত্র করে কেউ যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না।