সংসদে না গেলে আমাদের
ভোট ফেরত দিন
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২১:১০
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বিরোধী দলকে উদ্দেশ করে বলেছেন, জনগণের কাছ থেকে ভোট নিয়েছেন সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলার অঙ্গিকার করে। এমপি হিসেবে বেতন-ভাতা, বোনাস, ইনক্রিমেন্ট, টেলিফোন বিল, গ্যাস বিলসহ সমস্ত কিছু নিচ্ছেন; কিন্তু চার বছর সংসদে যান না। সংসদে গিয়ে কথা বলুন, সংসদে ও রাস্তায় অন্দোলন করুন। আর যদি সংসদে না যান, তাহলে আমাদের ভোট ফেরত দিন। শনিবার রাতে নোয়াখালীর কবিরহাটে হাজি ইদ্রিস চত্বরে উপজেলা জেএসডির সম্মেলন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সরকার ও বিরোধী দলের উদ্দেশে রব বলেছেন, জনগণের প্রতি বড় দুই দলের কোনো মায়া-মমতা নেই। রক্তারক্তি, খুনাখুনি, হরতাল, বোমাবাজির মধ্যদিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেশের অর্থনীতিকে ধ্বংস করার কোনো অধিকার সরকারেরও নেই, বিরোধী দলেরও নেই।