ফুলবাড়িতে এক রাতে ছয় খড়ের গাদায় আগুন

দিনাজপুরের ফুলবাড়িতে এক রাতে একই গ্রামের ছয় বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। অগ্নিকাণ্ডে খড়ের গাদাগুলো পুড়ে ছাই হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে গ্রামের বাড়িঘরসহ সহায়-সম্পদ। এ নিয়ে গোটা উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামে। কাঁটাবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলাম বাবু, সুবাস প্রসাদ ও মানিক রায় বলেন, রবিবার রাতে আকস্মিকভাবে গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের খড়ের গাদায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করার এক পর্যায়ে দমকল বাহিনীর সদস্যরা অংশ নেয়। ফুলবাড়ি দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, ছয়টি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস বলেন, দুষ্কৃতকারীরা গ্রামবাসীদের মাঝে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। তবে দুষ্কৃতকারীদের অপতত্পরতা প্রতিহত এবং গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সরেজমিনে গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।