সেন্টমার্টিনে পরিবেশ আইন অমান্য

বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রীসহ ট্রলার জব্দ

সেন্টমার্টিনে পরিবেশ আইন অমান্য করে নেয়া বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রীসহ ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার গভীর রাতে সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ হাবিবুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা দ্বীপের জেটিতে অভিযান চালিয়ে এসবি সংক নামক একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ অবৈধ টাইলসসহ নির্মাণ সামগ্রী জব্দ করে। এ ট্রলারটির মালিক সেন্টমার্টিন দ্বীপের মৌঃ আব্দুর রহমান এবং অনুমতি ছাড়া অবৈধভাবে সেন্টমার্টিন দ্বীপে একটি কটেজ তৈরির জন্য এসব মালামাল নেয়া হয় বলে জানা গেছে । জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। মালামাল ও ট্রলার পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ হাবিবুর রহমান। এদিকে এত বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী টেকনাফ থেকে কিভাবে সেন্টমার্টিনে গেল তা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। এমনিতেই দ্বীপটিতে পরিবেশ আইনকে তোয়াক্কা না করে অবৈধ ভাবে দিন দিন নতুন স্থাপনা তৈরি হচ্ছে। এসব পরিবেশ অমান্যকারীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। তবে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম।