ওয়াইফাই সুবিধা চাই

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বর্তমান সময়ে প্রযুক্তির ছোঁয়া ছাড়া যে কোনো কিছুর উন্নতি সাধন কল্পনাতীত হয়ে পড়েছে। তাই বলা যায়, যেখানেই প্রযুক্তির ছোঁয়া সেখানেই সুপ্ত জ্ঞানের পরস্ফুিটন এবং উন্নতির জয়জয়কার। আর শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির আলো ছাড়া ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট, ফিল্ডওয়ার্ক, নতুন নতুন জ্ঞান সৃষ্টি এবং শিক্ষকদের গবেষণা করা অসম্ভব ব্যাপার। বর্তমানে প্রায় প্রতিষ্ঠিত সব পাবলিক বিশ্ববিদ্যালয় ওয়াইফাইয়ের আওতায় আনা হয়েছে। শুধু পিছিয়ে পড়েছে দেশের অন্যতম জ্ঞানের আধার পাহাড় ঘেরা পরিবেশে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যে প্রতিষ্ঠান দেশের একমাত্র এবং সর্বপ্রথম আবাসিক ও আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে, বিশ্ববিদ্যালয়টি ৪৩ বছরে পদার্পণ করেও আজ অবধি ওয়াইফাই সুবিধা থেকে বঞ্চিত। ইতোমধ্যে আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি—বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে ওয়াইফাই সমৃদ্ধ করতে অর্থ বরাদ্দ হয়েছে। তাই আর কালক্ষেপণ না করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করতে খুব শীঘ্রই ওয়াইফাই চালু করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। মো. দিদার হোসেন, আইন বিভাগ (তৃতীয় বর্ষ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম