ঝিনাইদহে এমপি’র বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ করলেন নির্বাহী প্রকৌশলী

ঝিনাইদহের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাজাহান ঝিনাইদহ সদর থানার সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগ তিনি গতকাল সোমবার করেন। নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতিও পালন করেছেন। সংশ্লিষ্ট সূত্র ও লিখিত আভিযোগ থেকে জানা যায়, সংসদ সদস্য অপু তার লোকজন নিয়ে গত রবিবার নির্বাহী প্রকৌশলীর অফিসে যান। সেখানে তিনি নির্বাহী প্রকৌশলী শাহাজাহানকে তার সাথে দেখা করার জন্য ডেকে পাঠান। দেখা করতে গেলে তাকে টেনে হিঁচড়ে দোতলায় নিয়ে যান এবং লাঞ্ছিত করেন। নির্বাহী প্রকৌশলী লিখিতভাবে তাকে লাঞ্ছিত করার ঘটনা বর্ণনা করেছেন বলে জানা গেছে। অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু বলেন, নির্বাহী প্রকৌশলী তাকে তোয়াক্কা করেন না। তার সাথে কথা বলেন না। এছাড়াও তার বিরুদ্ধে রাস্তার কাজ খারাপ হওয়ার নানা অভিযোগ রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, নির্বাহী প্রকৌশলীর অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে।