বিজেপির বাংলাদেশে লংমার্চের
চেষ্টা ঠেকিয়ে দিল পুলিশ
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২২:০৮
সংখ্যালঘুদের উপর বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে ও গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি জানাতে ঢাকা অভিমুখে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লং মার্চ বাংলাদেশে আসতে পারেনি। ৮শ’র বেশি বিজেপি নেতা-কর্মী এ লং মার্চে অংশ নেয়। ত্রিপুরা বিজেপি পার্টির সভাপতি সুধিন্দ্র দাসগুপ্তের নেতৃত্ব তারা আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে। গতকাল সোমবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অনলাইন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আখাউড়া চেকপোস্টের ৫০০ মিটার দূর থেকে লং মার্চ থামিয়ে দেয় পুলিশ। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া লং মার্চ যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেজন্য সীমান্ত এলাকায় বিএসএফের সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়।
সুধিন্দ্র দাসগুপ্ত বলেন, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে এবং গণজাগরণ মঞ্চের সাথে সংহতি জানাতে এ লং মার্চের আয়োজন করা হয়। লং মার্চে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে সংখ্যালঘু পরিবারগুলোকে ক্ষতিপূরণ, মন্দির, বাড়িঘর সংস্কার অন্যতম।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বিজেপি’র নেতা-কর্মীরা পদযাত্রা করে বাংলাদেশে আগমনের ঘোষণায় গতকাল সোমবার আখাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সতর্ক প্রহরায় ছিল।