প্রধানমন্ত্রী আজ পিরোজপুরসহ
দক্ষিণাঞ্চলে যাচ্ছেন
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২২:০৯
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুর সফরে আসছেন। বিকালে তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দিবেন। এ সময় তিনি জেলা সদর ও বিভিন্ন উপজেলায় নির্মিত ও নির্মিতব্য স্থাপনাসমূহের যথাক্রমে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী হিসাবে তিনি দীর্ঘ এক যুগ পর পিরোজপুর জেলা শহরে আগমন করবেন। তাঁর আগমন উপলক্ষে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা, পার্শ্ববর্তী বাগেরহাট, ঝালকাঠি ও বরিশাল জেলার বাসিন্দাদের মাঝে বিশেষ আগ্রহের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য এলাকাবাসী গভীর প্রত্যাশা নিয়ে প্রতীক্ষা করছেন। শহরের বিভিন্ন সড়কে তৈরী করা হয়েছে বহু তোরণ। বিকাল আড়াইটায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন। জনসভায় আরও বক্তব্য রাখবেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০০০ সালের ১০ জুন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা পিরোজপুরে আসেন এবং বলেশ্বর সেতু উদ্বোধন করেন ও এক বিশাল জনসভায় ভাষণ দান করেন।
এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজের একাডেমিক ভবন ও ছাত্রী নিবাস, জিয়ানগর উপজেলায় বলেশ্বর নদীর উপর নির্মিত শহীদ শেখ ফজলুল হক মনি সেতু, ইন্দুরকানী থানা ভবন, জেলা রেজিষ্ট্রি অফিস ভবন, স্বরূপকাঠী (নেছারাবাদ) ফায়ার সার্ভিস ষ্টেশন ভবন, স্বরূপকাঠী সাব-রেজিষ্ট্রি অফিস ভবন, জেলা সরকারি গণগ্রন্থাগার ও জেলার বিভিন্ন উপজেলায় নির্মিত ৬টি প্রাইমারী স্কুল কাম সাইক্লোন শেল্টার উদ্বোধন করবেন। এছাড়া পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন, জেলা মুক্তিযোদ্ধা ভবন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোষ্টেল, সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাডেমিক ভবন কাম পরীক্ষা হল ও ক্যাটেল গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভাস্থলে বসে সুইচ টিপে তিনি উন্নয়নমূলক এ স্থাপনাসমূহের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পটুয়াখালীর দশমিনায় পৌঁছবেন ও উপজেলা সদর সংলগ্ন চরবাঁশবাড়ীয়ায় বিএডিসি’র দশমিনা বীজ বর্ধন খামার উদ্বোধন করবেন। এখানে তিনি দক্ষিণ উপকূলীয় অঞ্চলে (বরিশাল ও পটুয়াখালী) বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এরপর বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের পায়রা নদীর উপর সড়ক ও জনপথ বিভাগ নির্মিতব্য লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পটুয়াখালীর শহরের অদূরে লাউকাঠি সেতু সংলগ্ন কৃষি বিমান অবতরণ ক্ষেত্রে এক মতবিনিময় সভায় বক্তব্য দেবেন। এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী দুপুরে পিরোজপুরে এসে পৌঁছবেন। পিরোজপুর সার্কিট হাউজে অবস্থান করে নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে তিনি জনসভা মঞ্চে যাবেন।