সন্ত্রাসে যুদ্ধাপরাধের বিচার ও শাস্তি বন্ধ হবে না

হরতাল ও নৈরাজ্য বিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, কোন মুসলমান কোন মুসলমানকে কাফের ও নাস্তিক বলতে পারে না। গতকাল সোমবার দারুল ফজল মার্কেট চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটির সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের সভাপতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, সারা বাংলায় জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসে যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি বন্ধ হবে না। ঐ ধ্বংসের আগুনে জামায়াত-শিবির ও তাদের রক্ষাকারীদের পুড়তে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মো. জসিম উদ্দিন বাবুল, এড. কামাল উদ্দিন আহমদ, এম.এ রসিদ, চট্টগ্রাম মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, অধ্যাপক মাসুম চৌধুরী, ছাত্রনেতা আশেক উন নবী চৌধুরী আশেক, সুনীল কুমার সরকার, শফিকুল ইসলাম ফারুক, ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।