হবিগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশত

হবিগঞ্জের লাখাইয়ে দু’দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। উপজেলার পশ্চিম বুল্লা গ্রামে দুই আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হয়েছেন ছাবু মিয়া (৬০)। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। গুরুতর আহত কামাল মিয়া (৩০), ময়না মিয়া (৩৫), কোরবান আলী (১৮) ও খোকন মিয়াকে (১৮) ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। রাজ্জাক মিয়া (৫০), হাফিজুর (২৫), খলিল (২০), আহাদুল (২৪), মাসুম (১৮), কাছির (৩০), শাহজাহান (৪০), শিপন (২৫), সোহেল (২৮), লিলি মিয়া (৩৫), ইলিয়াস (৪০), সজল (২৭), কাজল বিবি (৩০), আনু (১৮), সামাদ (২৮) ও দুখুকে (৩০) সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লাখাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বুল্লা ইউপি’র সাবেক চেয়ারম্যান শামসুল আলম লিয়াকতের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালামের বিরোধ। এরই জের ধরে গত রবিবার দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে ৩ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়। এর রেশ কাটতে না কাটতেই গতকাল সোমবার সকালে দু’পক্ষের লোকজন আবারো সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। গুরুতর আহত ছাবু মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।