পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধান
প্রশ্নে এখনো মতৈক্য হয়নি
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২২:১১
পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো মতৈক্য হয়নি। প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ও বিরোধী দলীয় নেতা নিসার আলী খান আজ মঙ্গলবার পর্যন্ত সময় পাবেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করতে। প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ সর্বশেষ তিনজনের নাম প্রস্তাব করলেও বিরোধী দল তা মানেনি। বিরোধী দলের প্রস্তাবও মানেনি বিদায়ী প্রধানমন্ত্রীর দল পিপিপি। সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্ত হওয়ার পর তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম নিয়ে সমঝোতার জন্য প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ও বিরোধী দলীয় নেতা নিসার আলী খান তিন দিন সময় পেয়েছেন। আজ মঙ্গলবার পর্যন্ত এই সময় শেষ হচ্ছে। আজকের মধ্যে ঐকমত্য না হলে সদ্য বিলুপ্ত জাতীয় পরিষদের সরকার ও বিরোধী দলের চারজন করে আট সদস্যের কমিটি সময় পাবে আরো তিন দিন। এ সময়ের মধ্যে ঐকমত্য না হলে নির্বাচন কমিশন দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতৃত্বাধীন জোট সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে ইতিহাস সৃষ্টি করছে। এই প্রথম দেশটির নির্বাচিত কোনো সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করলো। গত ১৬ মার্চ সরকারের মেয়াদ শেষ হয়। কিন্তু সেই সরকারের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ আগামী জাতীয় পরিষদ নির্বাচনে অযোগ্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার মালিকানাধীন একটি কোম্পানি ঋণ খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর এ সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এ বিষয়ে করা মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এদিকে একই দিন জাতীয় ও প্রাদেশিক নির্বাচন করার বিষয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা একমত হয়েছেন। তবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি।