সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনীত অভিযোগ সবই শোনা কথা

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী চট্টগ্রামের আবুল বশরের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকায় সালাহউদ্দিন কাদের নিজেই সাক্ষীকে জেরা করেছেন। জবাবে সাক্ষী আবুল বশর জানান, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ সবই ছিল আমার শোনা কথা। তিনি বলেন, ১৯৭১ সালে সালাহউদ্দিন কাদের চৌধুরী বা তার বাবা চাকরি করতেন কিনা আমি জানি না বা শুনিনি। ১৯৭১ সালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর কোন রাজনৈতিক পরিচয় ছিল কিনা আমার জানা নেই। তবে ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত বলে লোকজনের নিকট শুনেছি। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। হরতালের কারণে গতকালও সালাহউদ্দিন কাদেরের আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। পরে জুনিয়র আইনজীবী হুজ্জাতুল ইসলাম সময়ের আবেদন করেন। কিন্তু ট্রাইব্যুনাল আবেদন না-মঞ্জুর করে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে নির্দেশ দেন সাক্ষীকে জেরা করার জন্য। পরে সাক্ষীকে জেরা করেন তিনি।