প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বর্জিত
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২২:১৬
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর কথা সবসময়ই শিষ্টাচার বিরোধী। তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা জাতি তার কাছে আশা করে না। গতকাল সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত হরতাল পরিস্থিতি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদল দমনে হিংস্র হয়ে উঠেছেন। সাধারণ মানুষের রক্তে এই সরকারের হাত রঞ্জিত। এসরকার গণতন্ত্রের সমস্ত পথ রুদ্ধ করেছে। প্রতিবাদ জানানোর সকল পথ বন্ধ করে পুলিশ দিয়ে প্রতিবাদকারীদের হত্যা করছে। আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৮ দলের উদ্যোগে ১৮ মার্চের সারাদিন রাত ও ১৯ মার্চ সন্ধ্যা পর্যন্ত হরতালকে কেন্দ্র করে পুলিশ দিয়ে জনগণকে নির্যাতন, আটক ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে। অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের হয়রানি এবং নির্যাতন করা হচ্ছে। সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা রাষ্ট্রযন্ত্রকে টর্চার মেশিনে পরিণত করেছে।
সোমবারের হরতালে সারাদেশে মোট আহত ও আটকদের পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সোমবারের হরতালে সারা দেশে পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক এবং ৪ শতাধিক ব্যক্তিকে পুলিশ পিটিয়ে জখম করেছে। এছাড়া দুই হাজারের বেশি মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশ বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আটকদের মুক্তি ও আহতদের সুস্থতা কামনা করেন। এছাড়া লাগাতার হরতালের প্রথম দিনে সফল দাবি করে সবাইকে অভিনন্দনও জানান।
সংবাদ সম্মেলনে এ সময় আরো ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।