না’গঞ্জে সন্ত্রাস নির্মূল
ত্বকী মঞ্চ
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২২:১৯
নারায়ণগঞ্জে সন্ত্রাস নির্মূল ত্বকিমঞ্চ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির ২০১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি নারায়ণগঞ্জের স্বাধীনতাকামী সকল রাজনৈতিক, সামাজিক, শ্রমিক, নারী, আইনজীবী, ছাত্র, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে। আহবায়ক নিহত তানভীর মোহাম্মদ ত্বকির বাবা রফিউর রাব্বি ও সদস্য সচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ। উপদেষ্টা করা হয়েছে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি সারাহ বেগম কবরীসহ ১২ জনকে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ত্বকিমঞ্চ ঘোষণা দেন সংগঠনটির আহবায়ক ও নিহত ত্বকির বাবা রফিউর রাব্বি। লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব হালিম আজাদ। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানি শংকর রায়, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রথিন চক্রবর্তী, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ সভাপতি নিখিল দাস, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন, সিপিবির শফিউদ্দিন আহম্মেদ, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, গণসংহতি আন্দোলন সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ। রফিউর রাব্বি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ত্বকির মতো আর কোন সন্তানের লাশ আমরা দেখতে চাই না। খুনিদের থেকে সন্তানদের রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যা চিরতরে নির্মূল করতেই সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের জন্ম। ত্বকি হত্যা মামলায় পুলিশ যথেষ্ট আন্তরিক। কিন্তু পুলিশের কাঁধে উপর মহলের চাপ রয়েছে। তাই এ মামলায় পুলিশ কতটুকু কী পারবে তা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি। রফিউর রাব্বি বলেন, আমি আগে থেকেই অভিযোগ করেছি শামীম ওসমান ও তার পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডটি ঘটনো হয়েছে। আইনজীবীদের সাথে আলোচনা করে শীঘ্রই ত্বকির খুনিদের নাম উল্লেখ করে সম্পূরক এজাহার দায়ের করা হবে বলে রাব্বি সাংবাদিকদের জানান।