তোমাদের চিঠি থেকে

কচি-কাঁচার আসরের প্রিয় বন্ধুরা, এসেছে বসন্ত। ঋতুরাজ বসন্তকে স্বাগতম জানিয়ে তোমাদের জানাই শিমুল, অশোক ও পলাশের মত রঙিন ফুলের শুভেচ্ছা। চারদিকে নতুন পাতার সমারোহ। ফুলে ফুলে মৌমাছির দল, আর বসন্ত কোকিলের মিষ্টি সুরে চারদিক মুখরিত। প্রকৃতির সৌরভ আর পাখিদের মধুর গানে মন ভরে যায়। আনন্দে উত্ফুল্ল হয়ে ওঠে মন। আরেকটি কথা হলো যে, গত এক ফাল্গুন সংখ্যার পত্রিকাটি হাতে নিয়ে পাতা খুলতেই চোখে পড়ে আমার লেখা। চিঠির সাথে ছড়াটিও ছাপানো হয়েছে। দেখেই আমি অবাক। আমার লেখা আসরের পাতায় ছাপানো হয়েছে। আমার আনন্দ আর বাঁধ মানে না। আনন্দের জোয়ারে আমার মনের ভিতর ঢেউ খেলে যায়। লেখা চাপানোর জন্য সম্পাদককে অনেক অনেক ধন্যবাদ। যা হোক আমার লেখা আরো দুটি কবিতা পাঠালাম একুশের উপলক্ষে। কিন্তু পাঠাতে দেরি হয়ে গেলো। তবুও যেন ছাপা হয় আগামী সংখ্যায় এই বিশ্বাস রেখে লেখা শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা। মো. শরিফুল ইসলাম, সদস্য নম্বর :১৯২৩ লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজ, টাংগাইল। আসরের প্রিয় বন্ধুরা, আশা করি ভালোই আছো। শীতের দিন শেষ। আমার ভাই ঢাকায় চাকরি করে। শীতে মায়ের হাতের পিঠা খাবে বলে বাড়িতে এসেছিল। মা আর আমি মিলে ভাইয়ার জন্য পিঠা তৈরি করেছিলাম। কিন্তু ভাইটার ভাগ্যই খারাপ। আসার সাথে সাথে এত জ্বর হল যে বিছানা ছেড়েই উঠতে পারছিল না। পিঠা খাওয়া তো দূরে থাক। এর মধ্যে ছুটিও শেষ হল। পিঠা না খেয়েই ভাইটাকে আবার চলে যেতে হল। আর সেই কাহিনী নিয়ে আমার আজকের কবিতা— ভাইটা আমার দূরদেশেতে থাকে ভাই মা-বাবা, বোন পাশে নাই শীত যখন এলো চলে ফোন করে ভাই মাকে বলে মাগো আমি আসব বাড়ি পিঠা বানাও তাড়াতাড়ি মা বলে খোকা ওরে তাড়াতাড়ি আয় ঘরে। রিতু পারভীন, সদস্য নম্বর: ৩০৮১ চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মহান স্বাধীনতার মাসটি কেমন কাটছে? অনেক আনন্দে তাই না? স্বাধীনতার শুভবার্তা নিয়ে মার্চ মাস এলেই মনটা অনাবিল আনন্দে, হাসি আর খুশিতে ভরে ওঠে। একাত্তরের মুক্তিযুদ্ধে অনেক ত্যাগের বিনিময় আমার পেয়েছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীন দেশের ইতিহাসে ৭ মার্চ ও ২৬ মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এ উপলক্ষে আমি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয় একটি ছবি এঁকে পাঠালাম। যদি ছাপা হয় তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি ছবিটা ছাপা হবে। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি কবিতা লিখে আসরে পাঠিয়েছিলাম ছাপা হয়নি। এতে আমি খুব কষ্ট পেয়েছি। তাই এবারের ছবিটা ছাপা হলে খুবই খুশি হবো। সবাইকে জানাই স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা। আজ এ পর্যন্তই আবার লিখবো। ভালো থেকো। ফাইজা মোস্তফা সদস্য নম্বর: ১৪৯৯