আগামী বছরের মধ্যে জনতা ব্যাংকের সব শাখা অনলাইনের আওতায় আসবে
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ১৯:১৬
ব্যবসায়িক কর্মকাণ্ড সমপ্রসারণে ২০১৪ সালের মধ্যে জনতা ব্যাংকের সব শাখা অনলাইন সেবার আওতায় আসবে বলে জানিয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আবুল বারকাত। গতকাল মঙ্গলবার রাজধানীর দিলকুশায় লোকাল অফিসে গ্রাহকদের জন্য আধুনিক অনলাইন ব্যাংকিং সেবা শুরু করেছে রাষ্ট্রায়ত্ত এ ব্যাংক। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে পর্যায়ক্রমে জনতা ব্যাংকের সব শাখায় অনলাইন সেবা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসাবে লোকাল অফিসে অনলাইন সেবা চালু করা হলো। ব্যাংকের ৮৯১টি শাখার মধ্যে বর্তমানে ২৫টি শাখা অনলাইন ব্যাংকিং চালু রয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরোয়ার, লোকাল অফিসের ব্যবস্থাপক মো. আমিনুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।