আগামী মাস থেকে ভারতের চ্যানেলে জেমস
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২০:১০
উপমহাদেশ খ্যাত রকস্টার নগরবাউল জেমস মাত্র কিছুদিন আগেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ঘুরে এলেন। এসেই দেশে সময় কাটাতে পারছেন না খুব একটা। কারণ আবার আগামীকাল ছুট দিচ্ছেন আমেরিকায়। সেখানে বোস্টন ও আটলান্টা সিটিতে শো শেষ করে ফিরবেন ৮ এপ্রিল। এপ্রিলে ফিরেই আবারও যাবেন কাতার ও দুবাইতে কনসার্টে অংশ নিতে। এদিকে বলিউডে অনুভব সিনহার নতুন ছবিতে ‘বেবাসি’ নামের যে গানটি রেকর্ড করে এসেছিলেন তা ভারতের বিভিন্ন চ্যানেলে আগামী মাস থেকেই প্রচার শুরু হবে। এ প্রসঙ্গে ব্যান্ডদলটির মুখপাত্র রুবাইয়াত্ ঠাকুর রবিন বলেন, ‘ছবিটির অডিও রিলিজ হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই তারিখটি পেছাতে পারে। তবে ছবির গানের মিউজিক ভিডিও আগামী মাস থেকেই ভারতের সবকটি চ্যানেলে প্রচার হবে। এটিও জেমস ভাইয়ের অন্য গানগুলোকে ছাড়িয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।’ এদিকে নতুন গানের রেকর্ড প্রসঙ্গে জেমসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নতুন গান বাঁধছি। কাজ করছি নিয়মিত। শ্রোতারা সময়মতোই পাবেন নতুন গান। আমি তো মঞ্চেই আছি নিয়মিত। যা গান তৈরি আছে, সেগুলোও তো একটি কনসার্টে গেয়ে শেষ করতে পারি না।’