খানদের পেছনে ফেলে অক্ষয়!
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২০:১১
বলিউডে বিগত প্রায় দেড় দশক ধরে রাজত্ব করে আসছেন খানরাই। শাহরুখ খান, আমির খান, সালমান খান—মূলত এই তিন খানই নিয়মিতই বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন। সেই জায়গায় খানদের টপকে গিয়ে কেউ শীর্ষস্থানটি দখল করা, মোটেও সহজ বিষয় নয়। তবে এবার এই খানদের টপকালেন অক্ষয় কুমার। বক্স অফিসে ছবি হিট, সর্বাধিক পুরস্কার, সর্বাধিক হলে সিনেমা রিলিজ কিংবা ছবির বাজেট এ ধরনের কোনো কিছুতেই আসলে জিতেননি অক্ষয় কুমার। জিতেছেন অন্য জায়গায়। শীর্ষস্থান দখল করেছেন জাতীয় রাজস্ব কর প্রদানে। গত বছর অক্ষয় কুমারের অবস্থান ছিল চতুর্থ, ১৮ কোটি রুপি কর প্রদান করেছিলেন অক্ষয়। সালমান খান, শাহরুখ খান ও আমির খানের অবস্থান ছিল ধারাবাহিকভাবে প্রথম দিকে। কিন্তু এবার এই তিনজনকে ছাড়িয়ে প্রথম স্থানটি দখল করেছেন অক্ষয়। জাতীয় রাজস্ব কর প্রদান করেছেন ২০ কোটি রুপি। সালমান খান রয়েছেন দ্বিতীয় স্থানে, প্রদান করেছেন ১১ কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান, প্রদান করেছেন ১০.৫ কোটি রুপি এবং চতুর্থ স্থান অধিকারী আমির খান প্রদান করেছেন ৮ কোটি রুপি।