ঈশ্বরদীতে আশি টাকায় একমণ বেগুন!
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২০:২৬
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
রমজান মাসে এক কেজি বেগুন ৮০ টাকাতেও বিক্রি হয়। এর বিপরীত চিত্র হল লাগাতার হরতাল-অবরোধে দুর্মূল্যের বেগুন ঈশ্বরদীতে ৬০-৮০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। বিপুল টাকা খরচ করে বেগুন চাষ করে কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে ঈশ্বরদীর বেগুন চাষিরা তাই হতাশ। মাত্র ২০-২৫ দিন আগেও হঠাত্ করে দাম বেড়ে ৪০ টাকা কেজি দরে এখানে বেগুন বিক্রি হয়েছে। অথচ সেই বেগুন কেনার কোন লোক এখন পাওয়া যাচ্ছে না।
লাগাতার হরতাল আর অবরোধে যান চলাচল না করায় রাজধানী ঢাকাসহ অন্যান্য এলাকার পাইকারী ক্রেতা বা ফড়িয়াদের সমাগম নেই। প্রকাশ, প্রতি বিঘায় উত্পাদন খরচ বাবদ কৃষকদের ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার টাকা। উত্পাদিত বেগুন মৌসুমের প্রথম দিকে এখানে ৮০০-১০০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। প্রায় দিন ১৫ আগে এই বাজার হঠাত্ করেই ১২০০-১৪০০ টাকা মণ দরে উন্নীত হলে চাষীরা আশায় বুক বাঁধে। শেষ পর্যন্ত এই বাজার হরতালের আগে মণ প্রতি ৩৫০ থেকে ৪০০ টাকায় নেমে আসে। মঙ্গলবার সকালে ঈশ্বরদীর আমবাজানের পাইকারী বাজারে বেগুন ৬০-৮০ টাকা মণ দরে বিক্রি হয়। তবুও ক্রেতা ছিল না। এই এলাকার অন্যতম বৃহত্ সবজি আড়ত্ ঈশ্বরদীর মূলাডুলির আড়ত্দার ও কৃষক আমিনুর জানান, গত মৌসুমে এ সময়ে মূলাডুলি সবজি আড়ত্ থেকে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ ট্রাক বেগুন দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো। মৌসুমের শেষে চৈত্র মাসে বেগুনের দাম কমে যায় এটা ঠিক। কিন্তু এবারের মতো দরপতন বিগত ১০ বছরের মধ্যে আড়ত্দাররা দেখেননি। ঈশ্বরদীর খুচরা বাজারেই বেগুন ৩-৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।