বরগুনায় প্রধান শিক্ষকের হাতে ছাত্রী লাঞ্ছিত
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২০:২৬
বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনা শহরের ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন ৮ম শ্রেণির ছাত্রী মাসুমাকে তুচ্ছ কারণে লাঞ্ছিত করে টিসি দিয়ে বের করে দিয়েছেন। ওই স্কুলের এক শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, গত মঙ্গলবার (১২-৩-১৩) দুপুরে প্রধান শিক্ষক ওই মেধাবী ছাত্রী মাসুমা আক্তারকে (রোল নং-১) সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাত্ক্ষণিক সদর উপজেলা পরিষদ হলরুমে যেতে বলেন। পূর্ব প্রস্তুতি না থাকায় সে যেতে অসম্মতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে মাসুমার চুলের মুঠি ধরে চর-থাপ্পর মেরে মাটিতে ফেলে দেন। খবর পেয়ে মাসুমার নানা আবদুল ওহাব সিকদার স্কুলে এসে ঘটনা জানতে চাইলে প্রধান শিক্ষক তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন। তারা আরও জানান, প্রধান শিক্ষক প্রায়শই অন্যান্য শিক্ষক ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করে থাকেন।
ঘটনার পর থেকে প্রধান শিক্ষক অনুপস্থিত রয়েছেন। তার মোবাইল ফোনটিও বন্ধ আছে। বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুস্তাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। স্কুল পরিচালনা পরিষদের কতিপয় সদস্য এবং অভিভাবক প্রধান শিক্ষকের অপসারণ দাবী করে পরিচালনা পরিষদের সভাপতি পৌর মেয়র মো. শাহাদাত হোসেন এবং ইউএনও’র কাছে অভিযোগ করেছেন।